


ব্রাহ্মণবাড়িয়ায় থেকে,মো নিশাদল ইসলাম নিশাদ:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে ট্রেনের ফেইক টিকেট বিক্রির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে টিকেট কিনে প্রতিদিন শত শত যাত্রী প্রতারণার শিকার হচ্ছিলেন।
এই চক্রকে নির্মূল করতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সদর মডেল থানা পুলিশ বেশ কিছুদিন ধরে যৌথভাবে কাজ করছিল। চক্রের তিনজন মূল হোতাকে চিহ্নিত করে তাদের ধরতে অভিযান চালায় জিআরপি।
আজ দুপুরে চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তির নাম কালু।
অভিযানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম। তার কাছ থেকে আজকের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৮৩টি আসনের বিপরীতে থাকা *৪০টি ফেইক টিকেট* উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জিআরপি জানায়, স্টেশন কেন্দ্রিক এই চক্রের দৌরাত্ম্য কমাতে অভিযান অব্যাহত থাকবে। বাকি দুই হোতাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে শুধু পুলিশি অভিযান নয়, যাত্রীদের সচেতনতাও জরুরি বলে মনে করছে প্রশাসন। কালোবাজারিদের কাছ থেকে টিকেট না কেনার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই সফল অভিযানের জন্য রেলওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) জনাব আফরোজ জান্নাত মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।