


জেসমিন আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে নতুন ইউনিয়ন গঠনের পর সেটিকে উপজেলা করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত নতুন উপজেলায় সদর উপজেলার মাছিহাতা ও বাসুদেব ইউনিয়নসহ বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা রেললাইন অবরোধ করেন।
অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আমরা কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নেব না। দাবি আদায় না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।