


মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ভালো ফলাফল দিয়ে প্রকৃত মানুষ হওয়া যায় না; এর পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা অর্জন করতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর হালিশহর মুনিরনগরে জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আয়োজিত ‘নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, মাদকের কারণে পারিবারিক বন্ধন ভেঙে পড়ছে এবং সমাজে অপরাধ বাড়ছে। এ থেকে উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে যত্রতত্র ময়লা না ফেলে নাগরিকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উন্নয়নকাজের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, চসিকের ২৮ বছরের পুরোনো ভবনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর গুণগত মান নিশ্চিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর জোর দিয়ে চসিক প্রশাসক বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি মাঠের কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রতিদিন অন্তত এক ঘণ্টা খেলাধুলার সুযোগ রাখা প্রয়োজন। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘স্কুল হেলথ কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ৪০-৫০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য ৪০ থেকে ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সবুজ নগরী গড়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে ১০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ২ লাখ গাছ ইতোমধ্যে লাগানো হয়েছে। এ সময় তিনি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগিয়ে স্নাতক শেষ হওয়া পর্যন্ত তার পরিচর্যা করার আহ্বান জানান।
চসিক পরিচালিত ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়কে নৈতিকতা ও পরিবেশ সচেতনতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা এবং মা-বাবা ও শিক্ষকদের সম্মান করার পরামর্শ দেন।