


হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে তিনজন সমবায় সমিতির সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।