


জেসমিন আক্তার (মিশু),ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছানোর খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। বিশেষ করে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ঠেকাতে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান করছি।’
এদিকে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছেছে বলে খবর প্রকাশিত হয়েছে। বুধবার দুপুরে দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে পৌঁছায়। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
প্রতিনিধি দলে আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও কয়েকজন নেতা রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ নেতাদের আগরতলায় অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। একই সঙ্গে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে সীমান্ত দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।