


মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রামঃ
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমাদের সন্তানদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে হবে। তারাই ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
সোমবার কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড কিসিঞ্জার চাকমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, অধ্যক্ষ আবু তালেব চৌধুরী বেলালসহ কলেজের গভনিং বর্ডির সদস্যবৃন্দ।
মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের শিশুদের এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। কোথায় ময়লা ফেলতে হবে, প্লাস্টিক ও পলিথিন কীভাবে পরিবেশের ক্ষতি করে—এসব শিক্ষা শিশুদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি টেকসই উন্নত শহর গড়তে সচেতন নাগরিক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ুসময় মেয়র আরো বলেন, তোমরা যেখানে যাবে, সেখানেই বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবে। দেশপ্রেম ও সততার চেতনা নিয়ে তোমরা বড় হবে—এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্বের অনুপ্রেরণা তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যিনি দেশপ্রেম ও সততার মাধ্যমে একটি দুর্বল অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।