


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলনের নির্দেশনা ও সহযোগিতায় পবার বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখের নেতৃত্বে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংসদ সদস্য শফিকুল হক মিলনও প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটিতে মোট ১৫টি উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউটিজিংমুক্ত শিক্ষাঙ্গন, বিনামূল্যে শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড প্রদান, শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন, ওয়াটার ফিল্টার স্থাপন, শিক্ষার্থীদের জন্য নিজ অর্থায়নে প্রাথমিক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং কলেজ শাখায় পানির পাম্প স্থাপন।
এ ছাড়া অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা, অভিযোগ বাক্স স্থাপন, দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এবং সাপ্তাহিক ক্লাস পরীক্ষা চালু করা হয়েছে।
সন্ধ্যার পর শিক্ষার্থীদের দোকানপাটে আড্ডা ও অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধেও নেওয়া হয়েছে পদক্ষেপ। প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের পর শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় ৯৫ শতাংশে উন্নীত হয়েছে।
বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখ বলেন, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। প্রতিষ্ঠানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো একটি প্রতিষ্ঠান হওয়া নয়, বড়গাছী স্কুল অ্যান্ড কলেজকে রাজশাহী বিভাগের অন্যতম ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।”
এর আগে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন। তিনি বলেন, নির্বাচনী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী শিক্ষাদানের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।