


মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং অসহায় মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সেবামূলক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চমেক হাসপাতালের শিশু বিভাগে ব্যক্তিগত অর্থায়নে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান এবং সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় একটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামের লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল চমেক হাসপাতাল। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান অত্যন্ত জরুরি। বিশেষ করে বেসরকারি হাসপাতালে দীর্ঘমেয়াদি ডায়ালাইসিসের ব্যয় বহন করা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন। তাই সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিন বাড়ানো গেলে দরিদ্র রোগীরা সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন।
তিনি একজন চিকিৎসক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ও সরঞ্জামের সংকট নিরসনে পর্যায়ক্রমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ডায়ালাইসিস মেশিন প্রদানের জন্য সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও কেনপার্ক চ্যারিটিজের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।