


সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাফলংয়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসকারী বিভিন্ন ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করে তা অকার্যকর করা হয়। এলাকার পরিবেশ রক্ষায় চালানো এই ঝটিকা অভিযানে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিশাল অঙ্কের অবকাঠামোগত সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে ঘটনাস্থলেই ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র এসব ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জাফলংয়ের সংবেদনশীল এলাকায় পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করে আসছিল।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ অভিযানের বিষয়ে জানান, জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ ধ্বংসকারী এসব কর্মকাণ্ডের পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন, পাহাড় কাটা এবং পলিথিনের বিরুদ্ধে এমন নিয়মিত মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।