


মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ সাংবাদিক আ. ফ. ম. কাউসার এমরানের দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিন আগে মাইনর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় দক্ষিণ পৈরতলায় তাঁর বাসায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা এতে অংশ নিয়ে তাঁর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।আয়োজনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য হাফেজ এসএ আরমান।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাউসার এমরান জেলা গণমাধ্যম অঙ্গনে নিজেকে একজন সৎ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সত্যনিষ্ঠা, মানবিকতা এবং পেশাদারিত্বের আদর্শে তাঁর নিরলস পথচলা সহকর্মীদের কাছে তাঁকে বিশেষভাবে সম্মানিত করেছে।
অনুজ সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিকতা, পরামর্শ ও সহানুভূতিশীল আচরণ তাঁকে সকলের কাছে প্রিয় ও শ্রদ্ধাভাজন করে তুলেছে। ব্যক্তি জীবনে তিনি বন্ধুবৎসল, বিনয়ী ও হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে পরিচিত।জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘মাই টিভি’তে স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে তিনি পেশাদার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
আয়োজনে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তিনি শিগগিরই সুস্থ হয়ে সক্রিয় সাংবাদিকতায় ফিরে আসবেন।