


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জে বিএনপির দুই শীর্ষ স্থানীয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—মানিকগঞ্জ–৩ আসনের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা এবং মানিকগঞ্জ–১ আসনের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তোজাম্মেল হক তোজা।
আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আতাউর রহমান আতা ও তোজাম্মেল হক তোজাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে বিএনপি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ভবিষ্যতেও দলীয় নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নিয়ন্ত্রণ ও বার্তা স্পষ্ট করতেই বিএনপি এ পদক্ষেপ নিয়েছে।