


মো: নিশাদূল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন এবাদত হোসেন (নিরব) (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা এবং শাহআলম মীরের ছেলে।
জানা যায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখে বিজয়নগর উপজেলার মেরাশানি পলিটেকনিক একাডেমির দশম শ্রেণির এক ছাত্রীকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা এবাদত হোসেন (নিরব) ও তার সহযোগীরা। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বিজয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৩) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বিজয়নগর থানার মামলা নং-৪, তারিখ ১ আগস্ট ২০২৫।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।