


নিজস্ব প্রতিনিধিঃ
সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুক্তির দেড় বছর পর বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন এলএইচবি বগি তৈরি শুরু করলো ভারতে।
এবিষয়ে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম দ্যা ট্রিউবটন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের কাপুরথালা রেল কোচ কারখানায় বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন এলএইচবি কোচ নির্মাণ কার্যক্রম শুরু করেছে।
এসময় প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ), কাপুরথালায় ২০০ রেল কোচ রপ্তানি আদেশের অংশ হিসেবে চলতি বছর ২০টি কোচ উৎপাদন করবে। এই চালানে থাকছে ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং ১২টি নন-এসি কোচ। কোচগুলো বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও যাত্রীসেবার চাহিদা অনুযায়ী বিশেষভাবে নকশা করা হচ্ছে।
প্রথম কোচের শেল উৎপাদনের কাজটি শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেল অ্যাসেম্বলি শপের জ্যেষ্ঠতম কর্মচারী মনোহর লাল।এ সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কর্মীদের মধ্যে গর্ব ও উৎসাহের প্রতিফলন ঘটায়।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের জন্য কোচ সরবরাহে আরসিএফের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০১৬–১৭ অর্থবছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের চাহিদা অনুযায়ী ১২০টি এলএইচবি কোচ তৈরি ও সরবরাহ করেছিল।
নতুন করে কোচ উৎপাদন শুরু হওয়ায় দীর্ঘদিনের কোচ সংকট কাটবে এবং নতুন রেলপথে ট্রেন চালুর পথ সুগম হবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছিলেন,প্রথম ধাপে ২০টি বগি আসবে, এরপর ধাপে ধাপে বাকি বগিগুলো সরবরাহ করা হবে।