

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর মহল্লায় পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গণপিটুনির ঘটনা ঘটেছে।
রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তি হলেন পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তিতু।
এলাকাবাসীর অভিযোগ, তিনি ওই এলাকার এক ভাড়াটিয়ার স্ত্রী—যিনি এক সন্তানের জননী—এর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার রাতে স্থানীয় কয়েকজন তাঁকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাঁকে আটক করে মারধর করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তাঁর প্রাণে রক্ষা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
এলাকাবাসী আরও জানান, খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে পুলিশ কিছু সময় এলাকায় তৎপরতা চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান তিতুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’