


গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এই চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে, যার নেপথ্যে রয়েছেন বিএনপি নেতা শাহপরান ও লিপু গং।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বেও এই চক্রটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। তবে ক্ষমতার পালাবদলের পর তারা অবস্থান পরিবর্তন করে বর্তমানে বিএনপির প্রভাব ব্যবহার করে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত শাহপরান জেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং লিপুও দলের একজন পরিচিত মুখ। এছাড়া লিপুর মরহুম পিতা অতীতে আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও সাবেক মন্ত্রী ইমরান আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
অনুসন্ধানে জানা যায়, তামাবিল বন্দরের এই অবৈধ চাঁদাবাজি চক্রের সাথে আরও বেশ কয়েকজনের নাম জড়িত রয়েছে। তাদের মধ্যে কাসেম, যুবদল নেতা মিজবাহ ও ফফরুল চেয়ারম্যানের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা বা নিরপেক্ষ যাচাই নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে সাধারণ শ্রমিকদের জোরালো দাবি, গেইট পাসের নামে যারা চাঁদাবাজি করছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিষয়টি খতিয়ে দেখা উচিত।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে নিয়মানুযায়ী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বন্দর এলাকায় এ ধরনের চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে এসব অভিযোগের সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।