


মাদারগঞ্জ থেকে শাহআলমঃ
মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জালিয়াতি করে জ্বালানি তেল নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মুখে পড়েছেন দুই যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘মেসার্স তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে’ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মৃত সিকান্দার আলীর ছেলে ফয়সাল (২৫) ও ওয়াসিম নামে এক যুবক।জানা গেছে, অভিযুক্তরা অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসেন। এসময় তারা তেলের ফুয়েল কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করেন। বিষয়টি কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে এলে তারা দুজনকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় একজনকে ৫,০০০ টাকা এবং অন্যজনকে ৯,৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের যথাক্রমে ৩ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুয়েল কার্ডের স্বাক্ষর জালিয়াতি করে তেল নেওয়ার সময় তাদের আটক করা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।