


নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল্লাহ তাহাসিন ট্রেডার্স থেকে ১৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাচুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ সার মজুদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
তল্লাশিতে দোকান থেকে ১০ বস্তা ইউরিয়া, ২ বস্তা ডিএপি এবং ১ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। জব্দকৃত সার পরবর্তীতে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে বলে জানানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৩ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে সার পান, সেজন্য নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী সারগুলো জব্দ করা হয়েছে। এগুলো ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা হবে।”
উল্লেখ্য, কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করতে উপজেলা কৃষি অফিস নিয়মিত তদারকি করছে। অনিয়ম ও অবৈধ মজুদ বন্ধে ডিলারদের উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।