


মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। এ সময় তিনজন কৃষক আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বেলতৈল বাজারে সার নিতে আসা কৃষকদের মাঝে উত্তেজনা এবং হট্টগোল হয়।
আহত কৃষক ওই ইউনিয়নের ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে আলিম উদ্দিন (৪৫) এবং বাকি দুজন কৃষকের নাম জানা যায়নি। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে এসে প্রয়োজন অনুযায়ী সার না পেয়ে কৃষকদের সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ডিলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সার বিতরণে অনিয়ম নাকি সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ বলেন, কৃষি কার্ড বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ সময় অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দুই-একজন আহত হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কার্ড বিতরণ চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পায়নি। আমাদের পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সংকট নেই।