


নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পুনরায় চালুর বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করেছেন স্টেলিং তারিয়াং। এই উদ্যোগের ফলে হাজার হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থান ফিরে পাওয়ার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতকালে স্টেলিং তারিয়াং জাফলংয়ের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। তিনি মন্ত্রীকে জানান, কোয়ারি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এর সাথে যুক্ত হাজার হাজার পাথর শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জীবন-জীবিকার তাগিদে কাজ না পেয়ে অনেক অসহায় শ্রমিক বাধ্য হয়ে বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন, যা স্থানীয় সমাজব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।
একইসাথে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কোয়ারি আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র আশপাশের এলাকা থেকে অবৈধ উপায়ে পাথর উত্তোলন করে চলেছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে, অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার বৈধ রাজস্ব।
গতকাল ২২ আগস্ট, স্টেলিং তারিয়াং তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই বিষয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন:
“২২-০৮-২০২৬ ইং তারিখে সিলেটের জাফলং কোয়ারি সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, জাফলংবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির বিষয়ে খুব দ্রুতই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। জাফলংবাসীর স্বার্থে এই উদ্যোগের সুফল খুব শিগগিরই আমরা দেখতে পাবো।”
স্থানীয় সুধীজন ও বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য থেকে স্পষ্টতই বোঝা যায় যে— জাফলংবাসীর কর্মসংস্থান নিশ্চিত করতে, সরকারের রাজস্ব বৃদ্ধি করতে এবং সর্বোপরি বেকার শ্রমিকদের মানবেতর অবস্থার অবসানে শিগগিরই সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এখন কেবল সময়ের অপেক্ষা, কবে নাগাদ এই সম্ভাবনার আনুষ্ঠানিক বাস্তবায়ন ঘটে।