

নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনকালীন দায়িত্ব পালনে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সমাধানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও একাধিক বৈঠকের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পরিবর্তন আসেনি।
তিনি অভিযোগ করে বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাথে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনে কার্ড ও স্টিকারের আবেদন গ্রহণের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে। অ্যাপটি মোটেও ইউজার ফ্রেন্ডলি নয়। এতে বর্তমানে যেমন সমস্যা দেখা দিচ্ছে, ভবিষ্যতে তা আরও জটিল আকার ধারণ করবে।
কাজী জেবেল আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে-আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের যে কার্ড ও গাড়ির স্টিকার দেয়া হয়, তার জন্য এবার হঠাৎ করে নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু এই পদ্ধতি মোটেও ব্যবহারোপযোগী নয়। স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেয়া বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ ও কার্যকর পদ্ধতিতে কার্ড ও স্টিকার প্রদানের দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে জানিয়েছে, নতুন নীতিমালার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কমিশন আশ্বস্ত করেছে, আগামী রোববারের মধ্যেই-সম্ভব হলে তার আগেই এই জটিলতার সমাধান করা হবে।
সমাধান না হলে সাংবাদিক সংগঠনগুলো পুনরায় বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।