


নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে কুকুরের কামড়ে আক্রান্ত একটি গরুর ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণে গরুটি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে চিকিৎসা চলাকালীন সময়ে গরুকে ভুল ওষুধ খাওয়াতে গিয়ে গরুর কামড়ে আহত হয়েছেন মালিক নিজেই। এ ঘটনায় বর্তমানে জলাতঙ্ক আতঙ্কে পুরো পরিবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পশু ডাক্তার জুয়েল আশরাফের ভুল ও দায়িত্বজ্ঞানহীন চিকিৎসার কারণেই আজ তাদের পুরো পরিবার মৃত্যুঝুঁকি ও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জলাতঙ্কগ্রস্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয় ভুক্তভোগীর একটি গরু। পরবর্তীতে চিকিৎসার জন্য বকশীগঞ্জের পশু চিকিৎসক জুয়েল আশরাফের শরণাপন্ন হন গরুর মালিক। অভিযোগ রয়েছে, ডাক্তার জুয়েল আশরাফ সঠিক প্রতিষেধক বা পরামর্শ না দিয়ে গর্ভবতী গরুর চিকিৎসা হিসেবে ভুল ট্যাবলেট সেবনের পরামর্শ দেন। সেই ওষুধ খাওয়াতে গেলেই অসুস্থ ও ক্ষিপ্ত গরুটির কামড়ের শিকার হন মালিক নিজে।
পরবর্তীতে সঠিক চিকিৎসার অভাবে গরুটি মারা যায়। কুকুরের কামড়ে আক্রান্ত এবং পরবর্তীতে জলাতঙ্ক লক্ষণযুক্ত গরুর কামড়ে মালিক আহত হওয়ায় পুরো পরিবারজুড়ে মারাত্মক জলাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জলাতঙ্ক প্রতিষেধক নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পশু ডাক্তার জুয়েল আশরাফের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে শুধু আমার লাখ টাকার গরুটিই মরেনি, পুরো পরিবারকে আজ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা তার উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভুয়া ও দায়িত্বজ্ঞানহীন পশু চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।