

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া শহরে মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোরগ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব। শহরের ফারুকী পার্ক (অবকাশ) সংলগ্ন এলাকায় আমির হামজা রোহান নামের এক কিশোরের ওপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়েছে সংঘবদ্ধ একটি কিশোরগ্যাং। গুরুতর আহত অবস্থায় ওই কিশোর বর্তমানে ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আমির হামজা রোহান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলি স্টেডিয়াম এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন রাতে ফারুকী পার্ক এলাকায় রোহানকে একা পেয়ে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে তার ওপর সশস্ত্র হামলা চালায় অভিযুক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা।হামলায় অভিযুক্তরা হলো— শহরের মোড়াইল এলাকার রুমেল মিয়ার দুই ছেলে রাফিত ও তাশরিফ, একই এলাকার সোহাগ মিয়ার ছেলে সিয়াম এবং আব্দুর রহমান পিতা অজ্ঞাত। এছাড়া শহরের দাতিয়ারা এলাকার মোজাহিদ পিতা মুজিবুর, রাহিম,ফাহিম,আব্দুল রাহাত পিতা অজ্ঞাত, মেরাজ পিতা রিপন মিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই হামলায় সরাসরি নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় আমির হামজা রোহানকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার।
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দরে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী রোহানের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই কিশোরগ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ প্রশাসন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করবে— এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।