


নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম এ রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন। পূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারের মন্ত্রিসভায় তাঁর এই পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর জামালপুর জেলাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে।
এম এ রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে তৃণমূল ও জাতীয় পর্যায়ে সফলতার সাথে রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এর আগে জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে সংগঠন পরিচালনা করেছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করায় এবার তাঁকে সরকারের পূর্ণমন্ত্রীর মর্যাদা প্রদান করা হলো।
তাঁর এই অর্জনে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদরের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয় এবং সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের আশা, এম এ রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এক নতুন গতি সঞ্চার হবে।