


বার্তা ডেস্কঃ
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহেই বিদেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ইতোমধ্যেই তিনি সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের ভিসা পেয়েছেন।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন। এ জন্য তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন। তার আগেই তিনি লন্ডনের ভিসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ছেলে তারেক রহমানসহ স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটানো ও বিশ্রাম শেষে তিনি লিভারের জটিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। সে জন্য সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেদেশের ভিসা সংগ্রহ করেছেন। শারীরিক অবস্থা ঠিক থাকলে এ সপ্তাহের ১২ অথবা ১৩ তারিখ খালেদা জিয়া বিদেশের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।
সূত্র মতে, খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে ওমরাহ করতে সৌদি আরব গেলে লন্ডন থেকে তারেক রহমানও সৌদি আরব আসতে পারেন। আবার খালেদা জিয়া আগে লন্ডন গেলে তাঁর চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তারেক রহমনসহ পরিবারের সদস্যরা সৌদি আরবে এসে ওমরাহ করতে পারেন। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখা হয়েছে।
এর আগে চিকিৎসার জন্য খালেদা জিয়া ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। অবশ্য ৭ নভেম্বর বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পরামর্শে ৮ নভেম্বর খালেদা জিয়ার লন্ডন যাওয়া হচ্ছে না। পরে দলের কোনো কোনো নেতা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও পরে জানানো হয় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তায় তিনি বিদেশে যাচ্ছেন।এদিকে খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও এ অপেক্ষায় আছেন। এ ছাড়া লন্ডন ও যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেই চিকিৎসকদের আগে থেকে জানিয়ে রাখা হয়েছে তারাও তাঁর জন্য অপেক্ষা করছেন বলে জানা যায়।
উল্লেখ্য, চিকিৎসার জন্য প্রথমে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হলেও সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে। সেখানে তাঁর লিভারের জটিল চিকিৎসা করানো হবে।
খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলেই বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ ঠিক করে রাখা হয়। এ ছাড়া তাঁর চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিক্যাল বোর্ডের ৭ চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়।উল্লেখ্য যে এবার লন্ডন ও যুক্তরাষ্ট্রে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি চূড়ান্ত করতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলছেন। ১১ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিদেশে তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সুএঃ দৈনিক অভিযোগ বার্তা