


নিজস্ব প্রতিবেদক
চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের কোনো চাপের কারণে নয়, বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে- এ বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।