

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দূষণমুক্ত করতে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টাউন খাল দূষণমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম প্রধান টাউন খালটি দীর্ঘদিন ধরে দখল দূষণের কবলে পড়ে শীর্ণকায় পরিণত হয়েছে। ময়লা আবর্জন স্তূপ জমে খালের দুপাশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভরা বর্ষাকালেও খালটিতে কাঙ্খিত পানির দেখা মেলেনি। অনেক আগেই খালটি মরা খালে পরিণত হয়ে তার নাব্যতা হারিয়েছে। এই অবস্থার ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার উদ্যোগে টাউন খালটি দূষণমুক্ত কার্যক্রম হাতে নেয়া হয়। মঙ্গলবার টাউন খালটি দূষণমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘খালটি দূষণমুক্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের সঙ্গেও কথা বলেছি। আমরা যেকোনো মূল্যে এই খালটিকে পলিথিন ও ময়লা আবর্জনামুক্ত করব। পরে খালটিকে আমরা পুনরুদ্ধার করবো।’
পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম জানান, আমরা যদি সঠিক সময়ে কাজটি শেষ করতে পারি, আশাকরি খালটি একটি দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব খালে পরিণত হবে।
এ বিষয়ে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক মো. শামীম আহমেদ বলেন,‘আগে পৌরসভাকে সিদ্ধান্ত নিতে হবে তারা নদীর খালে ময়লা না ফেললে কোথায় ফেলবে? আমরা এ ব্যাপারে পাঁচ দফা দিয়েছি। সেটি বাস্তবায়ন হলে এই খালটি প্রকৃত অর্থেই দৃষ্টিনন্দন হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রশাসক শরিফুল ইসলাম, প্রধান নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য খাল তিতাস নদী থেকে উৎপত্তি হয়ে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ ঘাট দিয়ে আবারো তিতাস নদীতে পতিত হয়েছে।