

মোকছেদুল ইসলাম,নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় নজিপুর সরদারপাড়া বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনকালীন পরিস্থিতি, গণতন্ত্র ও অবাধ ভোটাধিকার বিষয়ে মতবিনিময় করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. ফরহাদ হোসেন, সহ-সভাপতি টিপু সুলতান, সদস্য মামুনুর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।