


নিজস্ব প্রতিবেদক:
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এ অভিযান পরিচালনাকালে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ জানান, মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক জনস্বার্থমূলক মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তী সময়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আগের আদেশ সংশোধনের অনুরোধ জানানো হলেও আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ বহাল রাখেন এবং উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলোকে নির্দেশনার আওতামুক্ত রাখার আবেদন করা হলে আদালত তা আংশিক সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের মূল নির্দেশনা বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে ইটভাটা মালিকরা একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগ তা খারিজ করে দেন।
মনজিল মোরসেদ আরও জানান, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সম্প্রতি বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন বলে খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন করে আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন এই আদেশ দেন।