


নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভার মাধ্যমে তারা দলটির সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।
পদত্যাগী নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তে দল তার স্বকীয়তা ও আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে তারা মনে করেন।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, “আদর্শিক অবস্থানের সঙ্গে বর্তমান রাজনীতির অমিল থাকায় আমরা আর দলের সঙ্গে থাকা সম্ভব মনে করছি না।” তবে পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন অসিম চাকমা। তিনি জানান, রাঙামাটি জেলা কমিটির কাছে তারা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এনসিপির রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে পদত্যাগপত্র পৌঁছেছে। অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানিয়েছেন, তারা বিষয়টি শুনেছেন তবে সাংগঠনিক নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।