


মো: আমির হোসেন, প্যারিস (ফ্রান্স) প্রতিনিধিঃ
দীর্ঘ চার বছর প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম শেষে বুকভরা আশা আর আনন্দের পসরা সাজিয়ে প্রিয় মাতৃভূমির উদ্দেশে রওনা হয়েছিলেন সিলেটের কদমতলীর সন্তান প্রবাসী জায়েদ আহমেদ। কিন্তু নাড়ির টানে বাড়ি ফেরার সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। পথিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ট্রানজিটে থাকাকালীন হঠাৎ স্ট্রোক করে ইহলোকের মায়া ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম জায়েদ আহমেদের বাড়ি সিলেট নগরীর কদমতলী এলাকায়।যে মানুষটি মা-বাবা, পরিবার ও আপনজনদের বুকে জড়িয়ে ধরার স্বপ্ন নিয়ে বিমানে পা রেখেছিলেন, শেষ পর্যন্ত তাঁর নিথর দেহটাই ফিরছে সিলেটের নিজ ঠিকানায়। এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছایا।
স্পেন প্রবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থেকে কত স্বপ্ন, কত আশা আর বুকভরা আকাঙ্ক্ষা নিয়ে অবশেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন জায়েদ আহমেদ। প্রিয় মা-বাবা ও পরিবারের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত জীবিত অবস্থায় আর সিলেটে ফেরা হলো না তাঁর।
প্রবাসজীবনের এই নির্মম বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক। কত মা-বাবা বুকভরা আশা নিয়ে সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন, কিন্তু কখনো কখনো সেই অপেক্ষার অবসান ঘটে এক অসহনীয় শোকের মধ্য দিয়ে।
প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে মরহুমের পরিবার ও এলাকাবাসীর মাঝে বইছে শোকের বন্যা। দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষ মরহুম জায়েদ আহমেদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।