1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন চসিক মেয়র - Barta24TV.com

৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন চসিক মেয়র

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 6 Time View

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরোঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কর্মরত প্রায় ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।  সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে শ্রমিকদের হাতে রেইনকোট হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্লিন সিটি গড়তে পরিচ্ছন্ন কর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের নিরলস পরিশ্রমের ওপরই নগরবাসীর স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমান অনেকাংশে নির্ভর করে। বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণেও যাতে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই প্রতিটি পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট প্রদান করা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো চসিকের প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে ২ ঈদেই জনপ্রতি পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে সরকারি অর্থায়নে আবাসন নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশটাকে যেভাবে পরিচ্ছন্ন-সুন্দর একটি দেশ হিসেবে গড়তে চাচ্ছেন সে লক্ষ্য বাস্তবায়নের আপনাদের ভূমিকা রাখতে হবে। ময়লা পরিবহনের সময় ট্রাকে আবর্জনা অবশ্যই ঢেকে নেওয়ার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, খোলা ট্রাকে ময়লা পরিবহন করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সড়কে বর্জ্য পড়ে পরিবেশ দূষণের সৃষ্টি হয়। তাই প্রতিটি গাড়িতে নির্ধারিত নিয়ম মেনে ময়লা ঢেকে পরিবহন নিশ্চিত করতে হবে।
পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মেয়র বলেন, প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীর নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো কর্মী দায়িত্ব পালনে গাফিলতি করলে কিংবা কাজে ফাঁকি দিলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পরিচ্ছন্ন কর্মী এবং নগরবাসী—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিচ্ছন্ন কর্মীদের আন্তরিক সেবার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম বিনির্মাণ সম্ভব। এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category