

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর উদ্যোগে “বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপির কৃষকদলের সদস্য সচিব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি শাহ মো. ইব্রাহিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত।
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি লিটন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন বুমার গবেষণা সম্পাদক জাকির হোসাইন জিকু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বুমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আব্দুর রাহিম, ইমি আক্তার, শেখ সাদী সুমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনীতিতে মতভেদ ও সমালোচনা স্বাভাবিক বিষয়। তবে ইতিহাসের মূল্যায়নের ক্ষেত্রে সবাইকে ন্যায়নিষ্ঠ হতে হবে। ব্যক্তিগত কিংবা দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে বলতে হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে যে সাহস, দৃঢ়তা ও ত্যাগ প্রদর্শন করেছেন, তা নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, এই আলোচনা সভার উদ্দেশ্য কাউকে মহিমান্বিত করা নয়; বরং সত্য তুলে ধরা, ইতিহাসকে জানা এবং ভবিষ্যতের রাজনীতির জন্য দিকনির্দেশনা খোঁজা। এমন আয়োজন গণতন্ত্র, সহনশীলতা ও রাজনৈতিক শিষ্টাচার চর্চায় সবাইকে আরও সচেতন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।