


কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপিপন্থি এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সর্বোচ্চ সাতটি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল; যারা পূর্ণ প্যানেলই দিতে পারেনি নির্বাচনে।
শনিবার দিনভর সমিতি ভবন ও চকরিয়া চৌকি আদালতে ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির।
তিনি বলেন, “১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে ৮৯২ জন ভোট দিয়েছেন। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন ভোটগ্রহণ হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
নির্বাচন কমিশনার তাপস রক্ষিত বলেন, কক্সবাজার বারে প্রথমবারের মতো তিনটি বড় রাজনৈতিক প্যানেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে ফলাফলে ভারসাম্য তৈরি হয়েছে ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি-সমর্থিত মোহাম্মদ আব্দুল মন্নান ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত আমির হোসেন পেয়েছেন ২৫৭ ভোট।জ্যেষ্ঠ সহসভাপতি পদে জামায়াত-সমর্থিত আব্দুল বারী ৪৫৮ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আবু তাহের পেয়েছেন ৩৩০ ভোট।সহসভাপতি পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পেয়েছেন ৩৩৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট নুরুল হুদা পেয়েছেন ২৯২ ভোট এবং বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা পেয়েছেন ২৩১ ভোট।সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়াউদ্দিন মাহমুদ তমাল ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন ৩৩৩ ভোট পেয়ে জয়ী হন।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে শওকত ওসমান ৩১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে ইকবালুর রশিদ আমিন সোহেল (৪৯৬), মোহাম্মদ নেজামুল হক (৪৭১), জিয়াউদ্দিন আহমদ (৪২৬) ও এ কে এম শাহজালাল চৌধুরী (৪১৯) নির্বাচিত হয়েছেন।জুনিয়র নির্বাহী সদস্য পদে সেকাব উদ্দিন (৩৯৮), পারভীন সুলতানা পিয়া (৩৮৮), আজিজুল করিম জয় (৩৬৩) এবং এস এম জসিম উদ্দিন (৩৩৪) নির্বাচিত হয়েছেন।
পূর্ণ প্যানেল দিতে না পারার বিষয়ে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হওয়া রিদুয়ান আলী বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নেতাদের মধ্যে সমন্বয়হীনতা ছিল। আমরা ১৭ পদের মধ্যে ৩ ছাড়া ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি।
“নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আইনজীবীদের ব্যক্তি ইমেজ গুরুত্ব পেয়েছে। তাই ফলাফলে ভারসাম্য আছে।