


বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গাপূজার উৎসবের আবাহনকে আরও মুখরিত করতে ‘টিম বৃষ্টি’-র ব্যানারে খুব শীঘ্রই আসছে মায়ের নতুন আগমনী গান ‘দুর্গা এলো’। উৎসবের আবহকে নতুন মোড়কে তুলে ধরতে তৈরি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বৃষ্টি দে।
গানটির কথা, সুর ও সংগীত আয়োজনে রয়েছেন সুপরিচিত সংগীত পরিচালক আর কে চক্রবর্তী জুয়েল। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন অর্ক সরকার। গানটি দীর্ঘ সময় নিয়ে যত্নসহকারে রচনা করেছেন আর কে জুয়েল। নতুন প্রজেক্টটি সম্পর্কে তিনি বলেন, “উৎসবের সুরের মধ্যে একটি আলাদা আবেগ থাকে। ‘দুর্গা এলো’ গানটির কথা ও সুরে সেই ঐতিহ্য ও ভক্তির রূপ তুলে ধরা হয়েছে। আশা করি এই শারদীয় মৌসুমে গানটি সব শ্রোতার হৃদয় স্পর্শ করবে।”
পূজার গানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বসিত শিল্পী বৃষ্টি দে। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “এই গানের প্রতিটা কথা আমার খুব ভালো লেগেছে। দুর্গাপূজার গান হওয়ায় কাজের অনুভূতিটাও ছিল বিশেষ। গানটিতে কণ্ঠ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অসাধারণ লিরিক্সের পাশাপাশি খুব যত্ন নিয়ে এর সুর ও সংগীতের কাজ করা হয়েছে। আশা করছি গানটি সংগীতপ্রেমীদের মনে স্থায়ী আসন করে নেবে।”
গানটির ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক আকাশ দে। পুরো মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে চট্টগ্রামের বেশ কিছু আকর্ষণীয় ও নির্বাচিত লোকেশনে। ভিডিও নির্মাণ প্রসঙ্গে পরিচালক আকাশ দে জানান, “আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানের কথামালার মূল ভাব ফুটে ওঠে এমন লোকেশন খুঁজে বের করেই দৃশ্যধারণ করা হয়েছে।”
প্রযোজনা সূত্রে জানা গেছে, গানটি খুব শীঘ্রই একযোগে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং মোবাইল রিংটোন আকারে প্রকাশিত হবে। ২০২৬ সালের নতুন আগমনী গান হিসেবে এটি সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।