

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং সুবিধার আওতায় কৃষিখাতে স্বনির্ভরতা বাড়াতে ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৪ শতাংশ রেয়াতি সুদে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।
শনিবার (১৪ নভেম্বর) বগুড়া শাখার উদ্যোগে অনাড়ম্বর আয়োজনে ৩৫ জন কৃষকের মাঝে প্রকাশ্যে এই ঋণ বিতরণ করা হয়।
বগুড়ার দুপচাঁচিয়া এলাকার চন্দ্রদিঘী আলিম মাদ্রাসায় আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি'র রাজশাহী আঞ্চলিক প্রধান ও ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট রেজয়ানুল হক।
ন্যাশনাল ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুর উদ্দিন মোহাম্মদ আব্দুর রহিম শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রেজয়ানুল হক কৃষকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সময়মতো ঋণ পরিশোধের আহ্বান জানান এবং ভবিষ্যতে ঋণ গ্রহণের মাধ্যমে কৃষিখাতে চাষাবাদ অব্যাহত রাখতে এবং ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন উপস্থিত কৃষকদের। এছাড়াও ব্যাংক ও কৃষকদের মাঝে ঐক্যের সেতুবন্ধন মজবুত করার উদাত্ত আহ্বান জানিয়ে ঋণ বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।