

স্পোর্টস ডেস্কঃ
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর যখন ৬ উইকেটে ৯০, তখন ম্যাচে তাদের ফিরে আসার সম্ভাবনা প্রায় শেষ বলেই মনে হচ্ছিল। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে জোরালোভাবে ফিরেছে কিউইরা।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট ঝড় তুলতে পারেননি, মাঝের সারিও দ্রুত ভেঙে পড়ে। ১০ ওভারে ৩ উইকেটে ৭৫—চলতি আসরে এটি ছিল তাদের সবচেয়ে ধীরগতির অর্ধশতক।
স্পিনার মাহিশ থিকশানা ও পেসার দুশমান্থা চামিরা নিয়মিত উইকেট তুলে নিয়ে ১২.১ ওভারে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ৮৪ রানে নামিয়ে আনেন। সেখান থেকেই পাল্টে যায় ম্যাচের চিত্র।
সপ্তম উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচি গড়েন ৮৪ রানের রেকর্ড জুটি— যা টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সপ্তম উইকেটে সর্বোচ্চ। শেষ চার ওভারে তারা তোলেন ৭০ রান। স্যান্টনার ২৬ বলে ৪৭ রান করে শেষ বলে আউট হলেও ম্যাককনচি ২৩ বলে অপরাজিত ৩১ রান করেন। তাদের ঝড়ে ৮ উইকেটে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।