

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ৯০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১ জুলাই দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানাধীন কামালদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি’র একটি দল।
এ সময় কামালদিয়া সাকিনস্থ জনৈক উজির এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ শিহাবকে আটক করা হয়। আটক শিহাবের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শিহাব (২৪) কামালদিয়া গ্রামের মোঃ জাল শেখ ও সেহেরা খাতুনের ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই আনিচুজ্জামান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।