

মোঃ ইমরুল আহসান:
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ৩নং পুলিশ ফাঁড়ির মেধাবী ও কর্মদক্ষ এসআই সোহেল রানা মামলা তদন্ত, মাদক উদ্ধার,পেশাদার চোর–ছিনতাইকারী গ্রেফতার এবং ওয়ারেন্ট তামিলে উল্লেখযোগ্য সাফল্যের জন্য জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের কাছ থেকে (২৩ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
একই অনুষ্ঠানে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা রুবেল মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
উল্লেখযোগ্য বিষয় হলো—এই তিনজন ছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে আরও বহু কর্মকর্তা-কর্মচারীকে সেবা,দক্ষতা ও কর্মতৎপরতার ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে। এর মাধ্যমে জেলা পুলিশের ভেতরে ইতিবাচক প্রতিযোগিতা,পেশাগত উন্নয়ন এবং দায়িত্বশীলতার পরিবেশ তৈরি হচ্ছে—যা জনস্বার্থে অত্যন্ত প্রয়োজনীয়।
এ সময় পুলিশ সুপার কাজী আখতার উল আলমের পাশাপাশি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যা সম্মাননা প্রদানের প্রক্রিয়াকে আরও আনুষ্ঠানিক,স্বচ্ছ ও গুরুত্ববহ করেছে।
তবে একই সঙ্গে সচেতন মহলের অভিমত—
যেসব স্বল্পসংখ্যক সদস্য অনিয়ম,দুর্নীতি বা অপকর্মের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে,তাদের বিরুদ্ধেও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। ন্যায়পরায়ণতা নিশ্চিত না হলে জনআস্থা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
ভালো কাজের সঠিক স্বীকৃতি যেমন প্রয়োজন,তেমনি অনিয়মের বিরুদ্ধে নিঃসংকোচ অবস্থানই জনআস্থার প্রধান ভিত্তি।