

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় যানজট নিরসন এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে অদ্য নগরীর মেডিকেল কলেজ, মাসকান্দা ও দিঘারকান্দা বাইপাস এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে, সিটি কর্পোরেশন ও মাননীয় সংসদ সদস্যদের সহযোগিতায় সমন্বিত অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে চরপাড়া মোড় হতে মেডিকেল কলেজ সম্মুখ ও সংলগ্ন এলাকা এবং মাসকান্দা বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট অপসারণের নির্দেশ প্রদান করা হয়। একইসাথে সড়কে অযাচিত পার্কিং—যেমন অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা—অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন করা হয়।
ঈদ উপলক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দিঘারকান্দা বাইপাস এলাকায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় ফুটপাত ও মহাসড়ক হতে সিএনজি-অটোরিকশা, অবৈধ দোকানপাট, হকার ও ফলের দোকান অপসারণ করে এলাকা দখলমুক্ত করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত গণপরিবহনকে অযথা থেমে না থাকার নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ–৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন বাবলু, পুলিশ সুপার জনাব মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ রোকনুজ্জামান রোকনসহ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ।