

নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীতে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দকে (৩২) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের দুর্গম চর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আনন্দ আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব।
পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২ জুন তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে উজ্জল মিয়া (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনন্দের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি আনন্দ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
তদন্তের একপর্যায়ে পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের একটি দুর্গম চরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত উজ্জল মিয়ার মা রহিমা বেগম বলেন, “আমার চোখের সামনেই আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা আমাদের বাড়িঘরও ভাঙচুর করেছে। প্রধান আসামি এতদিন পালিয়ে ছিল। তার গ্রেপ্তারে আমি স্বস্তি পেয়েছি। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব বলেন, “মামলার প্রধান আসামি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। সোর্স নিয়োগ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে আসামিকে পাঠানো হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।