

ষ্টাফ রিপোর্টার:
টাংগাইল ময়মনসিংহ সড়কের পূর্বপাশে (একপাশে) টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন পরিবর্তন করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে সমর্থকরা। মঙ্গলবার দুপুরে মানববন্ধনটি উপজেলার হামিদপুর বাজার থেকে শুরু হয়ে দেওলাবাড়ি বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মঞ্জুরল হক মঞ্জু, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামাম তরুন,সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোজাম্মেল হক, উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক হোসেন ধলা বলেন, ঘাটাইল উপজেলার ব্যাপক জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি'র চেয়ারপার্সন এর উপদেষ্টা, সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়া এখন ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগণের প্রাণের দাবি, অবিলম্বে বিবেচনায় এনে মনোনয়ন পরিবর্তন করার আহবান জানান, মানববন্ধন কর্মসূচিতে সমর্থক ও নেতা কর্মীরা দেশি না বিদেশি, দেশি দেশি, আজাদ ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই আজাদ ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য যে, আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির কে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।