

বার্তা ডেস্কঃ
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ২টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এছাড়া কাল ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সংগঠনটি ১৫০ শহিদ পরিবারকে ‘শ্রদ্ধা স্মারক’ প্রদান করবে। বিকালে নয়াপল্টনের ছাত্র সমাবেশে ঢাকা বিভাগের শহিদ পরিবারকে এ স্মারক দেওয়া হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাংবাদিকদের বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফিনিক্স পাখি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত হচ্ছে ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে যত সহযোদ্ধা শহিদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ‘শ্রদ্ধা স্মারক’ প্রদান করব। এর মাধ্যমে ছাত্রদলের প্রত্যেকেই অর্থাৎ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই আদর্শিক আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য শহিদ হতে প্রস্তুত রয়েছি, তার ম্যাসেজ আমরা দিচ্ছি। ছাত্র সমাবেশে ‘শ্রদ্ধা স্মারক’ দেওয়া হবে শহিদ পরিবারের কাছে। সারা দেশে ১৫০ জনের মতো শহিদ হওয়া সহযোদ্ধাদের তালিকা করা হয়েছে। ঢাকা বিভাগে যারা আছেন তাদের পরিবারকে ছাত্র সমাবেশ থেকে ‘শ্রদ্ধা স্মারক’ প্রদান করা হবে।