

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে নালার ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা চিহ্নিতকরণ ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
আজ রবিবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন ২নং গেট থেকে বহদ্দারহাট কাঁচা বাজার জামে মসজিদ পর্যন্ত সড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নালার ওপর অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনার মালিকদের নালার ওপর স্ল্যাব নির্মাণের অনুমোদন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১০ নম্বর কক্ষে যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ) জানান নগরীর নালা ও ড্রেনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধে এবং নাগরিক চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।