

মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছাফামনি নামে ২ বছরের শিশুর মর্মান্তুিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে। ছাফামনি উপজেলার মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে।
শিশুর মামা মিজানুর রহমান রুমেন জানান, গত সোমবার তার বাবা- মা ভাইসহ পরিবারের বেশ কয়েকজন উমরা হজ্জ পালন করতে যায়। এ উপলক্ষে দুই বোনও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসে। আজ শুক্রবার দুপুরের দিকে তার বোন লিমা আক্তার তার একমাত্র মেয়ে ছাফামনিকে খাওয়ায়। খাওয়া শেষ হলে ছাফার মা তাকে আমার ঘরে রেখে গিয়ে চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে পাশের ঘরে যায়। এসময় ছাফামনি তার মায়ের পেছন পেছন চলে যায়। পাশের উঠানে বাড়ির মহিলারা বিভিন্ন কাজ করছে। তার মা ছোট এক চাচাতো ভাইয়ের সাথে ঘরের ভেতর কথা বলছে। এসময় সবার অজান্তে ভাগ্নী ছাফামনি পুকুরের ঘাটলায় গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ ধরে তার সাড়াশব্দ না পেয়ে তার মা লিমা আক্তার বাড়ির সব ঘরে ও আশপাশে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে গিয়ে পুকুরের ঘাট থেকে কিছু দুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ছাফামনিকে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশু ছাফামনির নানা বাড়ি ও দাদা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিকেলে ছাফামনিকে তার দাদার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং আসর নামাজের পর সেখানেই দাফন করা হয়।