

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের ১ নম্বর পালশা ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ বিএনপি নেতা মো. বিপ্লব হোসেন মৃধা। তিনি দাওকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচি ও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে আসছেন তিনি।
নির্বাচনে জয়ী হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে ওয়ার্ডের সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিপ্লব।
বিপ্লব হোসেন মৃধা বলেন, ‘হিন্দু-মুসলিম সবাই আমার আপন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।’
তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।
ওয়ার্ডের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়ে বিপ্লব বলেন, ‘জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। কোনো ধরনের বৈষম্য না করে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকব।’
নওপাড়া ইউনিয়নের ১ নম্বর পালশা ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি রাহিনুল ইসলাম বিপ্লব হোসেন মৃধার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘বিপ্লব তরুণ ও উদ্যমী নেতৃত্ব। দলের বিভিন্ন কর্মসূচি ও রাজপথের আন্দোলন-সংগ্রামে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। এলাকার মানুষের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। আমরা তার প্রার্থিতাকে সমর্থন করছি।’
বিএনপি নেতা আকরাম আলী মৃধাও বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘তরুণ নেতৃত্ব এখন সময়ের দাবি। বিপ্লব দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এলাকার সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে আগ্রহ রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমরা আশাবাদী।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ প্রার্থী হিসেবে বিপ্লব হোসেন মৃধাকে ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণদের একটি অংশ তাঁর পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন সমর্থকেরা। তবে নির্বাচনে চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটারদের সিদ্ধান্তের ওপর।
বিপ্লব হোসেন মৃধা বলেন, ‘আমি জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। নির্বাচিত হলে প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পালশা ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।’